আধুনিক ভূরাজনীতির সবচে উপেক্ষিত কিন্তু কার্যকর উপাদান হচ্ছে প্রযুক্তিগত কর্তৃত্ব। আর এই কর্তৃত্ব শুধুমাত্র অস্ত্রের উপরই নয় পাশাপাশি তথ্য, শক্তি ও প্রভাব উৎপাদনের প্রযুক্তি।
রাষ্ট্র যখন পরমাণু, মহাকাশ, সাইবার বা AI প্রযুক্তির নির্দিষ্ট মাত্রা অর্জনের পথে এগোয়, তখন তা প্রযুক্তি প্রসারের পাশাপাশি বিশ্বব্যবস্থার ভারসাম্যে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
এই প্রতিযোগিতা মূলত “Strategic Parity” অর্জনের চেষ্টায় পরিচালিত, যেখানে কোনো রাষ্ট্র তার নিরাপত্তা নয়, বরং নিজের অদৃশ্যযোগ্যতা (irreplaceability) নিশ্চিত করতে চায়। ফলে, যারা প্রযুক্তির উৎপাদক নয়, বরং প্রযুক্তির সম্ভাব্য ধারক, তারাও হয়ে ওঠে বৈশ্বিক নজরদারির কেন্দ্রবিন্দু।
উদাহরণ হিসেবে বলা যায়, উত্তর কোরিয়া কিংবা ইরান যখন পরমাণু উন্নয়নে অগ্রসর হয়, তখন সেসব উদ্যোগের বাস্তব ক্ষমতার চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া দেখা যায় চিন্তার অপরাধ হিসেবেও।
অন্যদিকে, জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া—যারা বহু আগেই পারমাণবিক ক্ষমতা অর্জনের সক্ষমতায় পৌঁছে গেছে—তারা আন্তর্জাতিক নৈতিকতা থেকে রেহাই পেয়ে যায়, কারণ তারা নির্ভরযোগ্য ভাসাল স্টেট হিসেবে বিবেচিত।
এই অসাম্য শুধুই সামরিকই নয়, বরং একধরনের নির্বাচিত বিশ্বনীতি (Curated Global Normativity), যেখানে প্রযুক্তির অধিকার নির্ধারিত হয় রাষ্ট্রের রাজনৈতিক আনুগত্য ও অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে। এ ব্যবস্থাকে বলা যায় “Technocratic Hegemony”—যেখানে প্রযুক্তি অগ্রগতির পাশাপাশি নিয়ন্ত্রণের উপকরণ।
আন্তর্জাতিক আইন যতই বলুক সার্বভৌমতার কথা, কিন্তু বাস্তবতা, উন্নয়ন যত না অভ্যন্তরীণ নীতি দ্বারা নিয়ন্ত্রিত, তার চেয়েও বেশি নিয়ন্ত্রিত হয় বৈশ্বিক সন্দেহবাদের গাণিতিক সমীকরণে।
এই সন্দেহই তৈরি করে pre-emptive sanctions, targeted embargoes, covert sabotage—যেগুলো রাষ্ট্রকে যুদ্ধ ছাড়া, যুদ্ধের ভিতর ঢুকিয়ে দেয়।
ফলে আজকের যুগের যুদ্ধের চেহারা আর সেরকম আগ্রাসী ট্যাঙ্কে দেখা যায় না। Preventive Denial Architecture—অর্থাৎ এমন একটি কাঠামো, যেখানে নির্দিষ্ট কিছু রাষ্ট্রের উন্নয়নকে নৈতিক ও আইনি ছাঁকনি দিয়ে বেছে বেছে ঠেকিয়ে রাখা হয়।